একতা ডেস্কঃ খালেদা জিয়া দ্রুত দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব বলে জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। উনি গতকালও বলেছিলেন, চলো দ্রুত আমরা বাংলাদেশে ফিরে যাই। আমাদের জন্য দেশই ভালো। ২৮ জানুয়ারি, মঙ্গলবার এশার নামাজের পর আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। উনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, এখানেও যেগুলো সম্ভব হয়নি সেগুলো উনারা (লন্ডন ক্লিনিক) করিয়েছে। কিন্তু তার রিপোর্ট আমরা এখনও পাইনি। রিপোর্টগুলো পাওয়ার পর পরই সিদ্ধান্ত হবে কত দ্রুত উনি বাংলাদেশে ফিরে যাবেন।
ড. জাহিদ বলেন, ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনির সঙ্গে একসঙ্গে থাকেন খালেদা জিয়া। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন, তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন তিনি। অনেক স্থিতিশীল শারীরিক অবস্থা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই উনার জন্য দোয়া করি। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। দেশের সার্বিক অবস্থা যে দিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়া মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আগেও যেমন আপোষহীন ছিলেন, এখনও তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। সবাই পাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গত ১৫ বছর ধরে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছেন। বর্তমানেও গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, তাতে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা খুবই আশাবাদী, হয়তো মা-ছেলে একসঙ্গে না গেলেও পরিস্থিতিই বলে দেবে তিনি কখন দেশে ফিরে যাবেন।

Leave a Reply