একতা ডেস্কঃ আসছে ১৬ ডিসেম্বর। লোকে লোকারণ্য হবে সাভারের নবিনগর। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ। গতকাল রবিবার স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে সৌধ কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডিআইপি নিরাপত্তার জন্য ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিক ব্যাক্তিরা শ্রদ্ধা জানাবেন।
এ কারণেই বিশেষ করে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply