একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিবিসিকে একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। সরকারের দুই উপদেষ্টা, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতারা কড়া প্রতিক্রিয়া দেখায়। বিপরীতে মহাসচিবের বক্তব্যের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন বিএনপির নেতারা। বিগত আন্দোলনে মির্জা ফখরুলের নির্যাতন ও গ্রেপ্তারের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।
অধ্যাপক ড. মাহবুবউল্লাহ আমাদের সময়কে বলেন, তথ্য উপদেষ্টা ১/১১ ইঙ্গিত কীভাবে পেলেন? বিএনপি মহাসচিব ঠিকই বলেছেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন না করে তাহলে নিরপেক্ষ সরকার দরকার হতে পারে। তিনি বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তারা দল গঠন করতে পারেন। গণতান্ত্রিক দেশে দল গঠন হবে, সেটা দোষের কিছু না। তবে সরকারের স্পষ্ট ঘোষণা দেওয়া দরকার, নতুন রাজনৈতিক দল গঠনে সরকারের কোনো সহযোগিতা থাকবে না।
তিনি বলেন, ‘এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে, এটাই সবার ধারণা- বিবিসির এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেছেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন কনডাক্ট করা পর্যন্ত থাকবে। তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।
গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের বক্তব্য ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনেছি উপদেষ্টাদের মধ্য থেকে একটা কিংস পার্টি করা হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে প্রশাসনে বিশেষ একটি রাজনীতির দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে- এগুলো দেখে কি রাজনীতিবিদরা সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা বলতে পারে না? এ নিয়ে প্রশ্ন রয়েছে। এগুলো নিয়ে রাজনীতিবিদরা প্রশ্ন করতেই পারে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের মাস্টারপ্ল্যানের মধ্যে রয়েছে কিনা- সেই প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন- প্রশ্ন করেন রিজভী।

Leave a Reply