একতা ডেস্কঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ ১৪ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ১৩ জানুয়ারি, সোমবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন। তিনি বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় লতিফুর রহমানসহ আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনে প্রার্থনা করলে বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজিবুল হোসেন তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক গত ২৭ সেপ্টেম্বর লতিফুর রহমান রতন ও শহীদ ইকবালসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং আরও দুইশ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা, বাসাবাড়ি ভাঙচুর, লুটপাট, আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশি অস্ত্র ব্যবহার ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়।
ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাদের মধ্যে ১৪ জন সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক না মঞ্জুর করেন। আগেরদিন রবিবার মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আবদুল হান্নান তালুকদার শামীমসহ সংগঠনের ২৮ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply