একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে জোর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ‘লেখাপড়া করে মেধার ভিত্তিতে যেমন ডাক্তার, প্রকৌশলী, অর্কিটেক্ট হতে হবে তেমনি পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পী তৈরী করতে হবে। কারণ, একজন পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পীও তার পেশার মাধ্যমে পরিবারকে সাহায্য করতে পারেন।
গতকাল বৃহস্পতিবার লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র ফাইনাল ম্যাচে লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এটি ছিল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ৬ষ্ঠ তম আসর।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পদক আসাদুল হাবিব দুলু। অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে। সামনের দিকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
আগামীদিনে পেশাদার খেলোয়াড় তৈরী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর পাশপাশি ভাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী তৈরির কাজ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে ‘আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাইরের দেশের খেলোয়াড়ের উপর নির্ভরশীলতা কমাতে হবে। সবকিছু হবে সরকারিভাবে।
উল্লেখ্য, লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গত ১২ নভেম্বর শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। বিএনপি’র রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক দল এতে অংশগ্রহণ করে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় পঞ্চগড় বিএনপি একাদশ ও রংপুর মহানগর বিএনপি একাদশ’র মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে এক শূন্য গোলে পঞ্চগড় জেলা বিএনপি একাদশ বিজয় লাভ করে।

Leave a Reply