একতা ডেস্ক: পালিয়ে সীমান্ত পার হচ্ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। অবৈধ পথে ভারতে যাচ্ছিলেন তিনি। এমন সময় শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ১৮ নভেম্বর, সোমবার তাকে গ্রেফতার করে বিজিবি। জানা গেছে ছাত্র-জনতার আন্দোলনে বাধাদান ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী তিনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত পথে ভারতে পালানোর সময় গোপন খবরের ভিত্তিতে বিজিবি শিকারপুর সীমান্ত এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে। এ সময় তাকে পাচারে সহায়তাকারী পালিয়ে যান।
বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসাদুর রহমান কিরণ জানান, তিনি শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে ১ লাখ টাকার বিনিময়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিরণকে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
আসাদুর রহমান কিরণ পাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি পাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর তাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। এর আগেও ২০১০ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Leave a Reply