একতা ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরের চারমোহনা ইউনিয়নের মালের বাড়ির বাগনে একটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত যুবক জাকির হোসেনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা মনির আহমেদ। শুক্রবার রাতে উপজেলার চরমোহনা ইউনিয়নের মালের বাড়ির বাগান থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক। ৩০ বছর বয়সী জাকির চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জাকিরকে শনাক্ত করে পুলিশ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পুরোহিত চলে যান। এরপর রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরের ভেতর ভাঙচোরা প্রতিমা দেখতে পান। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যান।
পুলিশের বক্তব্য সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply