একতা ডেস্কঃ আজ মঙ্গলবার পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনুসের কাছে পেশ করেছেন। এদিন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিটির প্রধান জাকির আহমেদ খান অন্য সদস্যদের উপস্থিতিতে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য চলতি বছরের ১৬ সেপ্টেম্বর কমিটি গঠন করে সরকার।
সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটি নির্ধারিত ৯০ দিনের পূর্বেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। প্রতিবেদনটি পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply