একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত দিতে দ্বিতীয় বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে। রবিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দিনভর আলোচনার পর বৈঠক মূলতবি করা হয়েছিল। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিচ্ছেন।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মোঃ মনিরুজ্জামান খান আছেন এ প্রতিনিধি দলে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দলের প্রথম বৈঠক হয়।
ইতোমধ্যে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। আর বিএনপির সঙ্গে দ্বিতীয়বারের মতো আলোচনা চলছে এখন।

Leave a Reply