একতা ডেস্কঃ ডিবি পুলিশ রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্রেড বাবু হত্যাকাণ্ডের আরেক আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে (১৮) গ্রেপ্তার করেছে। গতকাল ২৫ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। আর শনিবার রাতে এজাহারভুক্ত ৭ নম্বর আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে আলোচিত ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করল ডিবি।

Leave a Reply