একতা ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশের এলাকা। ফলে ভেঙে পড়ল কারখানার ছাদ। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ভেতরে আটকে রয়েছেন আরও শ্রমিক।
২৪ জানুয়ারি, শুক্রবার বেলা ১১টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই ঘটনা ঘটে। এতোটাই তীব্র বিস্ফোরণ ছিল যে, তা পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে বলে জানা গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যম বলছে, শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এই কারখানায় সকাল সাড়ে ১১ টার দিকে এই বিস্ফোরণটি ঘটে বলে জেলা কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন। উদ্ধারকারী ও চিকিৎসা কর্মীরা জীবিতদের সন্ধান করছেন এবং দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানানো হয়েছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। পরে ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে কাজ শুরু করেন তারা। বিস্ফোরণের তীব্রতায় ধসে পড়েছে কারখানার একটি ছাদ। আর সেটির নিচে চাপা পড়ে যান অন্তত ১২ জন কর্মী। এখনও পর্যন্ত তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না।
এনডিটিভি সূত্র বলছে, বিস্ফোরণটি এতোটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের পর কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

Leave a Reply