একতা ডেস্কঃ ভারত রাশিয়ার তৈরিকৃত টি-৭২ মেইন ব্যাটল ট্যাংকের (এমবিটি) ইঞ্জিন কিনছে। এনিয়ে দেশটি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা পণ্য রপ্তানি সংস্থা রোসোবোরোন এক্সপোর্টের সঙ্গে ২৪৮ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ২ হাজার ১৬১ কোটি রুপির চুক্তি সই করেছে। সেদেশের সেনাবাহিনীর জন্যে এই ইঞ্জিনগুলো রাশিয়া থেকে আনা হবে। ভারতীয় প্রযুক্তিতে এই ট্যাংক উৎপাদন করা হবে। সেই চুক্তির আওতায় ইঞ্জিনের প্রযুক্তিও স্থানান্তর করা হবে ভারতে। ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় এই চুক্তি স্থানীয় উৎপাদনকে সহায়তা করবে।
দেশীয় প্রতিরক্ষা নির্মাণে স্বনির্ভরতা বৃদ্ধি করাই এই উদ্যোগের একমাত্র লক্ষ্য। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির মধ্যে ১ হাজার হর্সপাওয়ার ইঞ্জিনের সরবরাহ অন্তর্ভুক্ত আছে। সেই চুক্তির আওতায় রোসোবোরোন এক্সপোর্ট থেকে ভারতের আর্মার্ড ভেহিক্যালস নিগম লিমিটেড, আভাদী-চেন্নাইতে প্রযুক্তি স্থানান্তর করা হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সংগতি রেখেই এই চুক্তি ট্যাংক ইঞ্জিনগুলোর ইন্টিগ্রেশন এবং লাইসেন্সপ্রাপ্ত উৎপাদনকে দেশীয়ভাবে সহজতর করবে।
ভারত এখনও বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র আমদানিকারক। রাশিয়াও দীর্ঘদিন ধরে দেশটির অন্যতম শীর্ষ সরবরাহকারী হিসেবে পরিচিত। একইসঙ্গে প্রযুক্তিগত সহযোগী হিসেবে কাজ করছে রাশিয়া।
যুদ্ধবিমান সু-৩০ এমকেআই এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মতো উন্নত প্ল্যাটফর্মগুলো যৌথভাবে এগিয়ে নিচ্ছে এই দুই দেশ। ভারতের সামরিক সরঞ্জামের অন্তত ৬০ শতাংশই রাশিয়ায় উৎপাদিত।

Leave a Reply