একতা ডেস্কঃ মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রী শহীদ মিনারের পাশে টিঅ্যান্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। এ অনুষ্ঠানের আয়োজক ছিল চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন। জানা গেছে, পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারেই ২১ ফেব্রুয়ারি সকাল থেকে অনুষ্ঠানটি চলছিল। বেলা ১১টার দিকে সেখানে কবিতা আবৃত্তি হয়। একটি কবিতা পাঠের একর্যায়ে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা হলে সেখনে হট্টোগোলে সূত্রপাত হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা গিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় এমন কবিতা পড়ার জন্য এক আবৃত্তিশিল্পীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রশাসন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
আয়োজকরা জানান, বেলা পৌনে ১১টার দিকে এক আবৃত্তিশিল্পী কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতাটি পড়ছিলেন। এই কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, ৭ই মার্চ, মাওলানা ভাসানী ইত্যাদি শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতাকর্মীরা এসে প্রতিবাদ জানান। যিনি কবিতাটি পড়ছিলেন, তাকে হেনস্তা করা হয়। একপর্যায়ে তাকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ওখানে একটা অনুষ্ঠানে আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম বলেছে বলে আমাদের জানানো হয়। পরে পুলিশ ফোর্স দল সেখানে গেছে। ততক্ষণে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

Leave a Reply