একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা ভিত্তিক কোম্পানি আর্জেন্ট থেকে বছরে ৫০ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার অনানুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ। ২৪ জানুয়ারি, শুক্রবার প্রতিষ্ঠানটি এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এইটিই প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। এটি নতুন প্রশাসনের জ্বালানি খাতে সহায়ক নীতির প্রতি শিল্পের আস্থার প্রতিফলন ঘটাবে বলে দু’পক্ষই মনে করেন।
ট্রাম্প কার্যকরী আদেশের মাধ্যমে জ্বালানি মন্ত্রণালয়ের এলএনজি রপ্তানি লাইসেন্স স্থগিতাদেশ বাতিল করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ হিসেবে তার অবস্থান শক্তিশালী করছে এবং ২০২৮ সালের মধ্যে এ ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। যদি লুইসিয়ানার পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্প বাস্তবায়িত হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলায় সরবরাহ করা হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক পোস্টে বলেন, এ চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পখাতের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply