একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকার নারীদের ফুটবল ম্যাচে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।
বলা হয়, সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনায় বাধা দেওয়া উদ্বেগজনক। নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। কেউ যদি নারীদের অধিকার লঙ্ঘন করে বা বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে ঘেরাও করা টিনের বেড়া ভাঙচুরের পর নারীদের প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়। আগের দিন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাউনা গ্রামে আরেকটি প্রীতি ম্যাচ বন্ধ করে দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার যেকোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতোমধ্যে দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত হওয়া ম্যাচগুলো পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের জেলায় নারীদের ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে শত শত মানুষ অংশগ্রহণ ও উপভোগ করেছেন।
প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক ইউনূস আজীবন নারী অধিকারের পক্ষে কাজ করে গেছেন। সম্প্রতি তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করে বাংলাদেশে নারী ফুটবলারদের জন্য অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply