একতা ডেস্কঃ লাশের পাশে চিরকুট। এ কি সত্যি! না কি ফাঁসানোর কৌশল! চিরকুটে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা- ৫ বছর পরকীয়া প্রেম আর শারীরিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। ২ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে সহড়বাড়ীয়া-কামারখালী মাঠ থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেহেরপুর জেলার গাংনীতে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর আলমগীর হোসেন (৩২) নামের যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। সে বাঁশাবড়ায়ী গ্রামের মইনুদ্দীন শেখের ছেলে। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।
সহড়াবাড়ীয়া-কামারখালী মাঠের মধ্যে একটি বাবলা গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহের সন্ধান পান স্থানীয়রা। পরে তার স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। এছাড়াও গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তবে প্রকৃত ঘটনা পরকীয়া না হত্যাকাণ্ড বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই চিরকুট তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের ভাই আলামিন হোসেন জানান, মাস দেড়েক আগে দুবাই থেকে বাড়ি ফিরে আসে আলমগীর হোসেন। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হতাকারীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

Leave a Reply