একতা ডেস্কঃ উপদেষ্টা মাহফুজ আলম বলেন, হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙ্গনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে। তিনি গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন।
২৬ নভেম্বর, মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫)কে কুপিয়ে হত্যার ঘটনার প্রেক্ষাপটে উপদেষ্টা এ পোস্ট দিলেন।
গতকাল চট্টগ্রাম নগরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে কোর্ট বিল্ডিং চতুর ও জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ঢল নামে। এর আগে ২৬ নভেম্বর, মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে মাহফুজ আলম লিখেছিলেন, সরকার দ্রুতই সব রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’
গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তিনি সকলকে শান্ত থাকার এবং নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

Leave a Reply