একতা ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন করেছে। তাই আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা। নতুন নামেই টিকিট বুকিং দিতে হবে।
৭ ফেব্রুয়ারি, শুক্রবার বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। একইসাথে ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ দেখা যাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের দু’টি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব) পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের (BBSetu W) পরিবর্তে সায়দাবাদ (SAIDABAD) এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের (BBSetu E) পরিবর্তে ইব্রাহিমাবাদ (IBRAHIMABAD) দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কেনার জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে যাত্রীদের পরিবর্তিত নামেই অনলাইনে সার্চ করে টিকিট সংগ্রহ করতে হবে।

Leave a Reply