একতা ডেস্কঃ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, শাহবাগীদের দাবিতে যাদের হত্যা করা হয়েছে, তাদের পরিবারের মামলাগুলো আবার বিচারে ফিরিয়ে আনা হবে। আর যে সব শাহবাগী সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে। গতকাল সকালে রাজধানীর বিজয়নগরে মহান বিজয় দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কয়েক বছর আগে আজকের দিনেই আল্লাহর কিছু বান্দাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই মজদুর পরিবারগুলো সেদিন আদালতে গিয়ে বিচার চেয়েছিল, মামলাও হয়েছিল। কিন্তু ক্ষমতার গরমে সে মামলা খেয়ে ফেলা হয়েছে। এই বিচার আবার ফিরিয়ে আনা হবে। ২৪-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করতে না পারে, এই জন্য দেশবাসীকে পাহারা দিতে হবে। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গিয়েও বাংলাদেশকে স্থির থাকতে দিচ্ছে না। তারা মাঝেমধ্যেই ফণা তোলার চেষ্টা করে। তাদের সেই ফণাও জাতি গুঁড়া করে দিতে পারে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাড. ড. হেলাল উদ্দিন, আব্দুর সবুর ফকির, মাওলানা এইচ এম আব্দুল হালিম প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে আওয়ামী লীগ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। গতকাল সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমে ঢাকা মহানগর আয়োজিত র্যালিপরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Leave a Reply