একতা ডেস্কঃ কারাবন্দি আর ঘরবন্দি এভাবেই কেটে গেছে দীর্ঘকাল। বলা হচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথা। দীর্ঘদিন ছিলেন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি তাকে।
এসব নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার কাছে সরাসরি জানতে চেয়েছিলেন, এসব কিছুর জন্য শেখ হাসিনার ওপর তার রাগ হয় কি না? উত্তরে খালেদা জিয়া বলেছিলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি। আজ সোমবার আসিফ নজরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন।
তিনি বলেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ তার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের। আমি উনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না।
তিনি বলেন, আমি অবাকই হই। পনেরটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অম্লীল মিথ্যেচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে)। অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আসিফ নজরুল বলেন, আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেনো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।
বিএনপি সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তার ওঠার কথা রয়েছে।

Leave a Reply