ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সন্দ্বীপ উপজেলার পশ্চিম বাউরিয়া ২নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় গতরাতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর তৎপরতায় এক ডাকাত আটক হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ রুবেল, যার বাড়ি কালাপানিয়া ইউনিয়নে। প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে। রুবেলকে অস্ত্রসহ আটক করা হলেও তার দুই সহযোগী কালা পাহাড়ের বাড়ির (বানির হাট সংলগ্ন) রুবেল ও সন্দ্বীপ মডেল মসজিদের পাশের বাড়ির সোহেল রানা পালিয়ে যায়।
আটকের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পলাতকদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Leave a Reply