একতা ডেস্কঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বিপুল পরিমাণ সম্পদের গোপন নথি সরিয়ে ফেলেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওইসব নথি উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশন পরিচালিত বিশেষ টিম। মঙ্গলবার রাতে নথিগুলো উদ্ধার করা হলেও দুদকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় ১৯ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে। শহিদুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। দুদক গোয়েন্দা তথ্য পায়- শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন।
গোয়েন্দা তথ্যে আরও জানা যায়, নথিপত্রগুলো গোপন রাখার জন্য সে আত্মীয় অপর এক আত্মীয়ের বাসায় পাঠান। এ সব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহিদুল হকের আত্মীয়ে বাড়িকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। তল্লাশিকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়।

Leave a Reply