একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সৌদি আরবে বৈঠক শুরু করেছে। মূলতঃ ইউক্রেনের যুদ্ধ শেষ করতেই এই বৈঠক। প্রায় তিন বছর ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন বলে জানায় বিবিসি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে যোগ দেওয়া মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, আজকের বৈঠকটি আলোচনা শুরু করার বিষয়ে নয়। রাশিয়া যুদ্ধ বন্ধ করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কি না সে বিষয়ে কাজ করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
রাশিয়া বলেছে, তাদের অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। এই রুদ্ধদ্বার বৈঠক কত সময় ধরে চলবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত শুরুর পর এটাই যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বারের মতো মুখোমুখি বৈঠক। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলছেন। ইউক্রেন বা ইউরোপের কোনো দেশকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যে আলোচনায় যুক্ত নয় সেখানে হওয়া কোনো চুক্তিকে স্বীকৃতি দেবে না তারা।
পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি, ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। তবে রাশিয়া দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, এই সহায়তা আসলে শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে, যা এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply