একতা ডেস্কঃ হবিগঞ্জ জেলাশহর থেকে অপহৃত ব্যাংকার আব্দুল জব্বার চৌধুরীকে দুই দিন পর উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ নিয়ে ৩ জানুয়ারি, শুক্রবার পুলিশের ধাওয়ায় তাকে জেলার মিরপুর এলাকায় গাড়ি থেকে মহাসড়কে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ তাকে উদ্ধার করে।
তিনি চৌধুরী সিটি ব্যাংক পিএলসি হবিগঞ্জ প্রধান শাখার সহকারী ব্যবস্থাপক ও শহরের ইনাতাবাদ এলাকার মৃত আরজু মিয়া চৌধুরীর ছেলে। ওই ব্যাংক কর্মকর্তা গত ১ জানুয়ারি, বুধবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে উদ্ধার তৎপরতা শুরু হয়। অপহরণকারীরা ওই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে করে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যায়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছিল। অপহরণ হওয়ার দ্বিতীয় দিন তারা অপহৃতের ব্যাংক হিসেব থেকে দুই লাখ টাকা তুলে নেয় এবং তার স্ত্রীর নিকট আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
গতকাল শুক্রবার ভোরে অপহরণকারীদের অবস্থান ভৈরবে নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশ, র্যাব ও থানা পুলিশ তাদের পিছু নেয় এবং পরিচয় গোপন রেখে হাতে-হাতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার ফাঁদ পাতে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী পিছু নিয়েছে বুঝতে পেরে অপহরণকারীরা তাকে হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ফেলে রেখে চলে যায়। এরপর গোয়েন্দা পুলিশ সেখান থেকে আব্দুল জব্বারকে উদ্ধার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ব্যাংক কর্মকর্তার পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে। অপহরণকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply