একতা ডেস্কঃ লিমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে রাজধানীর পল্টনে ১৭তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। ঢামেকে নিহত লিমার গৃহকর্তা খাইরুল কবির খান বলেন, পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন তিনি। ভবনের ১৪তলায় তার মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর ধরে কাজ করছিল। ৯ ও ১৪ তলায় কাজ করত লিমা। সকাল ১০টার দিকে ৯তলায় আমাদের কক্ষে নাস্তা দেয় লিমা।
কবির বলেন, কিছুক্ষণ পর আমাদের আরেক গৃহকর্মী জানায়, লিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলছিল, কেউ ওপর থেকে পড়ে গিয়েছে। পরে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় লিমাকে দেখতে পাওয়া যায়। ঢামেকের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, নিহত লিমার দুই পা ভাঙা ছিল। পল্টন থানার এসআই বিল্লাল হোসেন শেখ বলেন, লিমার বাড়ি ময়মনসিংহে। বাবার নাম মো. নয়ন। ভবনের সিসি টিভি ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply