একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরেছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারসহ বিতর্কিত নানা সিদ্ধান্তে ক্ষমতাগ্রহণের এক মাসের মাথায় কমতে শুরু করেছে তার জনপ্রিয়তা। এমন তথ্যই উঠে এসেছে জরিপে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) বলেছে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপে অনুযায়ী, ৫৭ শতাংশ মার্কিনি মনে করেন, দায়িত্বগ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প। মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫ শতাংশে নেমে এসেছে।
৫৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছে জরিপের ফল। এক মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছেন ৪৩ শতাংশ মার্কিনি, ৪৮ শতাংশ বিরোধিতা করছেন। এর মধ্যে তীব্র বিরোধিতা করছেন ৩৭ শতাংশ, তীব্র সমর্থন দিচ্ছেন ২৭ শতাংশ। প্রায় ৯০ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছেন, ৯০ শতাংশ ডেমোক্র্যাট বিরোধিতা করছেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তার পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও অর্ধেকের বেশি এর বিরোধিতা করছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়ে জনরোষ রয়েছে। জরিপে দেখা গেছে, কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততাকে সমর্থন দিচ্ছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিনি, ৪৯ শতাংশই বিরোধিতা করছেন। এক মাসে ট্রাম্পের উদ্যোগগুলো বিভিন্ন আইনি চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইন বাতিলের মতো ট্রাম্পের কিছু নির্বাহী আদেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে।

Leave a Reply