একতা ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, নিরীহ মানুষকে হত্যা ও গুমে জড়িত শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবেই। তবে শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে, তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয়, তা-ও তার বিচার শেষ হবে না। গতকাল ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বিকালে কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ডা. ফিরোজা পাইলট
বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। তার মেয়ে শেখ হাসিনাও একইভাবে বাঙালি জাতির সঙ্গে, দেশের সাথে বেইমানি করেছে। এ দেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এ দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুম করেছে। এ দেশের ২৭ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে। তার বিচার এই বাংলার মাটিতে হবে। শেখ মুজিব পাকিস্তানিদের কাছে জামাই আদরে আত্মসমর্পণ করে আত্মগোপন করেছিলেন। তখন এই বাঙালি জাতিকে দিকনির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ২৬ মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সকল সেনাবাহিনীর সদস্যদের বলেছিলেন, আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্স গঠন করে দীর্ঘ নয় মাস যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর জিয়াউর রহমানকে বাদ দিয়ে শেখ পরিবার মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে। যে কারণে আওয়ামী লীগকে কেউ এখন আর বিশ্বাস করেন না। শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এ সময় তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলমের জীবদ্দশায় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ আতিকুল আলম শাওনকে সভাপতি, মোঃ কাজী আরশাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের চান্দিনা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্যসচিব সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।

Leave a Reply