ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ। সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতকের সুস্থ বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং মায়েদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার এসআই মোঃ আব্দুল আওয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমা এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
বক্তারা বলেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলোস্ট্রাম) পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শিশুর দুই বছর বয়স বা তারও বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। উল্লেখ্য, এই কর্মসূচি ১ আগষ্ট থেকে ৭ আগষ্ট ২০২৬ পর্যন্ত চলমান থাকবে এবং বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। যা সপ্তাহ শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণসহ চূড়ান্ত অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।
Leave a Reply