বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী নামক গ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে মাহমুদা নামের ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসুল সামদানী আজাদ।
শনিবার রাত ৯ টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা তারাকান্দী গ্রামের ইদ্রিস মোল্যার মেয়ে বলে জানাগেছে। চার ভাই-বোনের মধ্যে মাহমুদা ছিল সবার ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫ টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায়। একপর্যায়ে রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে অন্য শিশুর ইটের আঘাতে মাহমুদার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply