একতা ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, একটু ছাড় দেওয়ার জায়গায় আসুন। আপনারা আসছেন, আরেকটু আগান। আরেকটু আগালে দ্রুত জুলাই সনদ করার মাধ্যমে এ অংশ (সংলাপ) শেষ করতে পারি।
রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এ অনুরোধ জানান আলী রীয়াজ। আজকের মূলতবি অধিবেশনে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। বৈঠকে ৩০টি দল ও জোটের নেতারা উপস্থিত আছেন। যাদের মধ্যে দুই জোটের নেতারা আছেন।
তিনি রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রত্যেকে একটু বিবেচনা করুন। আমরা এখানে এসেছি বিশেষ পরিস্থিতিতে, সে পরিস্থিতিটা অন্তত কঠিন ও কঠোর। ১৬ বছরের সংগ্রাম, হাজার খানেক (জুলাই গণঅভ্যুত্থান) মানুষের আত্মদান, বহু লোকের অভিজ্ঞতা, বহুলোক এখনো নিখোঁজ। এর সঙ্গে আপনাদের কর্মী, সংগঠন প্রাণ দিয়েছেন, নিপীড়িত হয়েছেন। এ জন্য আমরা এখানে আসতে পারলাম। না হলে আসতে পারতাম না। এটা বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর এগিয়ে যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গায় আসুন।
আপনারা আসছেন, আরেকটু আগান। আরেকটু আগালে দ্রুত জুলাই সনদ করার মাধ্যমে এ অংশ (সংলাপ) শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচন ও বিচারের প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে, চলতে দিতে হবে। কিন্তু এটা আমাদের দ্রুত করার দিতে হবে। আমাদের অনুরোধ আরেকটু ছাড় দিতে হবে, তাহলে এক জায়গায় আসতে সহজ। আমরা সবাই মিলে এক।
গত কয়েকদিনের আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত থেকে গেছে, বিশেষ করে উচ্চ-কক্ষ গঠন ও প্রক্রিয়া, নারীদের প্রতিনিধিত্ব কীভাবে হবে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক জায়গায় আসতে পারিনি। এগুলো নিয়ে আরও গুরুত্বের সঙ্গে কথা বলা দরকার। রাজনৈতিক দলগুলোর অনুরোধ বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। আগামী দুইদিন (সোমবার ও মঙ্গলবার) সংলাপের বিরতি থাকবে বলে জানিয়েছেন আলী রীয়াজ।
এসময়ে রাজনৈতিক দলগুলোর দলীয় ফোরামে সংলাপের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে বলে তিনি মনে করেন।
Leave a Reply