ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবেশ সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বনাঞ্চল রক্ষা, বিল-ঝিল ও নদী-খালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ, অনিয়ন্ত্রিত কাঠ সংগ্রহ ও শিকার বন্ধে সচেতনতামূলক কাজ পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে এ কমিটি সমন্বয়কারী ভূমিকা পালন করবে।
Biodiversity Ecosystems Restoration for Community Resilience in the chittagong Hill Tracts (BERCR-CHT) এর প্রকল্পের মহালছড়ি উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সভায় বলেন, “মহালছড়ির জীববৈচিত্র্য রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি। এই কমিটি মাঠপর্যায়ে পরিবেশ সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
নতুন গঠিত কমিটিতে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান মহোদয়কে সভাপতি ও মহালছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষি ও বন বিভাগের প্রতিনিধিসহ ১৫-২১ সদস্যের সমন্বয়ে একটি কার্যকর টিম গঠন করা হয়েছে। আগামী মাস থেকে কমিটি স্থানীয় প্রাণী ও উদ্ভিদের তালিকাভুক্তি, হুমকির কারণ শনাক্তকরণ এবং সংরক্ষণ পরিকল্পনা তৈরি করার কাজ শুরু করবে।
স্থানীয় পরিবেশকর্মীরা আশা প্রকাশ করেছেন যে এই উদ্যোগ মহালছড়ির প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply