ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মহালছড়ির লেমুছড়িতে প্রিমিয়াম মানের বোরো ধানের জাত ‘বিনা ধান-২৫” এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়ির আয়োজনে এবং মহালছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) এ মাঠ দিবসে বিনা উদ্ভাবিত উন্নত জাত “বিনা ধান-২৫” এর সঙ্গে ব্রিধান-৭৫ এর প্রায়োগিক পরীক্ষণ, মূল্যায়ন ও তুলনামূলক ফলাফল উপস্থাপন করা হয়। এতে স্থানীয় কৃষকদের সামনে উভয় জাতের ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস, অতিরিক্ত উপ-পরিচালক, খাগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ জহিরুল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ, হর্টিকালচার খেজুর বাগান, খাগড়াছড়ি, মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সভাপতিত্ব করেন রিগ্যান গুপ্ত, উর্ধতন বৈঙ্গানিক কর্মকর্তা, বিনা, খাগড়াছড়ি এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিপুল সংখ্যক কৃষক-কৃষানী মাঠ দিবসে উপস্থিত থেকে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।
বক্তারা বলেন, ‘বিনা ধান-২৫” একটি প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত, যা অধিক ফলনশীল এবং প্রতিকূল পরিবেশে সহনশীল। অন্যদিকে ব্রিধান-৭৫ এর সঙ্গে তুলনামূলক পরীক্ষণের মাধ্যমে কৃষকদের সঠিক জাত নির্বাচন করতে সহায়তা করা হচ্ছে।
মাঠ দিবসে কৃষকদের মাঝে উন্নত বীজ, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি এবং রোগবালাই দমনের আধুনিক কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি নতুন এই জাতের চাষাবাদ সম্প্রসারণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয় ও মাঠ পরিদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে ‘বিনা ধান-২৫” চাষে আগ্রহ প্রকাশ করেন।
এই ধরনের কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply