মুন্সী হাবিবুল্লাহঃ মাগুরার শালিখা উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ সড়ক মাস্টারপ্লান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিতকরণ, সড়কের বর্তমান অবস্থা, যোগাযোগব্যবস্থার প্রয়োজনীয়তা এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান। সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শালিখা উপজেলা প্রকৌশলী মোঃ মফিজুর রহমান।
কর্মশালায় আলোচক হিসেবে জিআইএস স্পেশালিস্ট আব্দুল্লাহ গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, জিআইএস প্রযুক্তির ব্যবহার এবং সড়ক অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক দলের প্রতিনিধিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার এম সাব্বির হাসান, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, শালিখা ইউনিয়নের চেয়ারম্যান হুসাইন সিকদার, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, জামাল হোসেন, সাংবাদিক মুন্সী হাবিবুল্লাহ (পাভেল) ও শহিদুজ্জামান চাঁদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণ করা হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে আরও কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে সরকারি উন্নয়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ হবে।
কর্মশালায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন সড়কের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত নেওয়া হয় এবং ভবিষ্যৎ গ্রামীণ সড়ক মাস্টারপ্লানে স্থানীয় বাস্তবতা ও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
Leave a Reply