একতা ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রেখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার বিষয়ে সম্মতি জানিয়েছে গোষ্ঠীটি।
রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বরাতে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট জানান, যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে।
এর আগেও একই ধরনের দাবি করেছিলেন ট্রাম্প। ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় তিনি বলেছিলেন, হুথিরা তাঁকে ফোন করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না এবং তাদের বিরুদ্ধে মার্কিন ব্যবস্থা নেওয়াও তারা চায় না।
তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব হুথিদের হামলার মুখে রয়েছে। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানা গেছে।
অন্যদিকে ইয়েমেনে ঝটিকা হামলা চালিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর কাছ থেকে বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে হুথিরা।
এদিকে ইরান ইস্যুতে ট্রাম্প এখন সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। প্রায় সাত মাস ধরে চলা এই সংঘাত বন্ধের বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে।
ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট জানান, ট্রাম্প তাঁকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানিদের ভালো আচরণ করার পরামর্শও দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে কি না, সে বিষয়েও তিনি ভাবছেন বলে জানিয়েছেন।
Leave a Reply