শহীদুজ্জামান চাঁদ: মাগুরার শালিখা উপজেলার ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মশিয়ার রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শালিখা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এবং উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আসামিদের মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে যান তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাকে গুলি করে হত্যা করে । তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ডটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দিয়ে শালিখা থানায় একটি মামলা রুজু করা হয়েছিল।
নিহত বিএনপি নেতার স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করতে শালিখা থানাকে নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে বহুল আলোচিত এই দুই পুলিশ কর্মকর্তা মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন থানায় কর্মরত থাকাকালে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা, মিথ্যা মামলা,এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে কয়েকশ’ কোটি টাকা বাণিজ্য করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সাবেক ওসি বিপ্লব কুমার নাথ যশোর সদর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা। এদিকে ওসি বিপ্লব নাথ ও এস আই ইসমাইল আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ঝড় উঠেছে এই দুই হত্যাকারী ও নিষিদ্ধ আওয়ামী লীগের দুই দোসরের ফাঁসির দাবি জানিয়েছেন। এছাড়াও শালিখা উপজেলা সহ বিভিন্ন জেলা উপজেলায় এই দুই পুলিশ কর্মকর্তার বিচার ও ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply