একতা ডেস্ক, নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহ নরোত্তমপর ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, সিরাজ উল্যাহর বিরুদ্ধে একটি সিআর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ৩০ লাখ টাকা জরিমানা ও আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তালতো ভাই এবং কাদের মির্জার শ্যালক পরিচয়ে এতো দিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরোয়ানা থাকার পরও এলাকায় চেয়ারম্যান হিসেবে দাপিয়ে বেড়াতেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘গোপন তথ্যে আসামি সিরাজ উল্যাহকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। নোয়াখালীজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআও) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ভিন্ন জেলার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আসামি সিরাজ উল্যাহকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply