একতা ডেস্কঃ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এর রূপান্তরিত নাম হবে ফেনগাল। এর প্রভাব বাংলাদেশে সেভাবে পড়ার সম্ভাবনা নেই। তবে উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, গতকাল বিকেল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ে রূপনিয়ে এটি এটি শ্রীলঙ্কার দিকে যাবে।
সমুদ্রবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮২৫ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৭৭০ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৭১৫ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭১০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Leave a Reply