একতা ডেস্কঃ ভারতের বিখ্যাত কমেডিয়ান সুনীল পালের খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা গেছে, বেশ কয়েক ঘণ্টা ধরেই নিখোঁজ এই জনপ্রিয় কৌতুকশিল্পী। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। অগত্যা পুলিশের দ্বারস্থ হয়েছেন কৌতুকশিল্পীর স্ত্রী সরিতা পাল। ইতোমধ্যেই মুম্বাইয়ে সান্তাক্রুজ থানায় নিখোঁজের বিষয়টি অবহিত করেছেন সরিতা। পুলিশ জানিয়েছে, একটি শো করার জন্য মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন সুনীল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেরার কথা ছিল তার। কিন্তু ফেরেননি।
বিষয়টি জানার পর অভিনেতার খোঁজে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। পরিবারের সব সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টাও চলছে। কোথায় শো ছিল এবং আয়োজক কারা, সবই জানার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ২০০৫ সালে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শোয়ে জয়ের মাধ্যমে কমেডিয়ান খ্যাতি লাভ করেন সুনীল। স্ট্যান্ড-আপ কমেডি ছাড়াও হাম তুম (২০০৪), ফির হেরা ফেরি (২০০৬)-এর মতো বলিউডের কয়েকটি জনপ্রিয় সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply