একতা ডেস্কঃ সরাসরি ডাকাতির সাথে জড়িত এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে চট্টগ্রামে। নগরীর কল্পলোক আবাসিক এলাকায় ডাকাতি করতে গেলে ধরা পড়ে ডাকাতের দলটি। ঘটনায় যুক্ত থাকা মোট ছয়জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে নগর পুলিশ।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম মো. ফারুক মিয়া। তিনি বাকলিয়া থানাধীন চাক্তাই ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতার হওয়া অন্য পাঁচজন হলেন- মো. আকবর, জয়নাল আবেদিন, মিজানুর রহমান, ফজলুল করিম এবং সোহেল রানা। এর মধ্যে সোহেল রানা একজন সাংবাদিক।
বৃহস্পতিবার মধ্যরাতে কল্পলোক আবাসিক এলাকার ই ব্লকের একটি ভবনে ১৫-১৬ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। তারা নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে বাসার লোকজনকে ভয়ভীতি দেখায় এবং ৩৫ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে। পালানোর সময় এলাকাবাসী ছয়জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. তারেক আজিজ জানান, ঘটনায় শুক্রবার বাকলিয়া থানায় মামলা হয়েছে এবং আসামিদের চট্টগ্রাম মহানগর হাকিম। আদালতে হাজির করা হয়েছে। তিনি আরও জানান, বরখাস্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply