একতা ডেস্কঃ ছাড় পেল না দুরাও। যশোর জেলার বাঘারপাড়ায় দুস্থদের মাঝে বিতরণের জন্য মজুদ করা একটি দাতব্য সংস্থার বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। যার মূল্য অর্ধকোটি টাকা। পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে সংঘটিত এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের ইন্ধন রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
বিতরণ অনুষ্ঠানের মূল আয়োজক রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের রায়হান হোসেন বলেন, এ দিন উপকরণগুলো বিতরণ করতে না পারায় তা ওই রাইস মিলেই মজুদ রাখা হয়। শনিবার রাত ১২টার দিকে শতাধিক ব্যক্তি মজুদ করা সব মালামাল লুট করে। ঘটনার সময় আশপাশের মানুষ ছুটে যান। ঘটনার প্রায় শেষের মুহূর্তে লুটপাটে অংশ নেওয়া চারজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আটককৃতদের পুলিশের কথা বলে ছাড়িয়ে নিয়ে যান।
তুরস্কের হাসনে ইন্টারন্যাশনাল নামে একটি দাতব্য সংস্থা বাংলাদেশের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, পঙ্গু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করে। তার ধারাবাহিকতায় বাঘারপাড়ার বিভিন্ন এলাকায় কয়েক দফায় এসব কার্যক্রম করেছে সংস্থাটি। গত শুক্রবার বিকালে ৩৬৭ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণের নির্ধারিত দিন ছিল। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল উপজেলার রায়পুর বাজারের পাশেই একটি রাইস মিল চত্বরে। কিন্তু সেদিন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন। সংস্থার চিফ অপারেশন কেমাল সারদিস ও বাংলাদেশের প্রতিনিধি ইয়াশরাক মেলেক কবির বিষয়টি অবগত হওয়ার পর মাঝপথ থেকে ফিরে যান।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন জানিয়েছেন, ঘটনাটি যারাই করুক না কেন নিঃসন্দেহে জঘন্য ও ঘৃণিত। একজন বিএনপি নেতা আক্ষেপ করে বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের কোনো অপরাধ কর্মকাণ্ডে না জড়নোর নির্দেশনা দিচ্ছেন। তার কথাও কেউ মানছে না। এসবের মাশুলতো বিএনপিকেই দিতে হবে।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply