একতা ডেস্কঃ উত্তরবঙ্গ থেকে হঠাৎ ঘন কুয়াশা দক্ষিণে এগিয়ে এসে একবারে জেকে বসলো। বছরে আজই প্রথম কুয়াশা জটিলতা সৃষ্টি করলো পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল। পরে তা স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে কুয়াশা কমলে সকাল ৯টা ১৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা কমে গিয়েছিল। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার কারণে পাটুরিয়া প্রান্তে পাঁচটি এবং দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি অপেক্ষা করছিল। একই কারণে মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ কম থাকায় ঘাটগুলোতে তেমন কোনো ভোগান্তি হয়নি। সকাল সাড়ে ৮টার পর সূর্যের আলো বাড়তে শুরু করলে কুয়াশা কেটে যায় এবং নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

Leave a Reply