একতা ডেস্কঃ ফরিদপুর জেলার সালথায় ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মো. জাফর শেখ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া জাফর শেখ দিয়াপাড়া গ্রামের মৃত মাজেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে দিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় জাফর শেখের ছেলে জুবায়ের শেখকে আটক করে পুলিশ। এ সময় জাফর শেখ পুলিশের ভয়ে দৌড়ে পালাতে গিয়ে স্টোক করেন। পরে তিনি মারা যান। এ ব্যাপারে পট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, ‘আমি ঘটনাস্থলে যেতে পারিনি। তবে ঘটনা সঠিক বলে জানতে পেরেছি। সকালে ওই ব্যক্তির দাফনও সম্পন্ন হয়েছে।’
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, থানা পুলিশের একটি দল দিয়াপাড়া গ্রামের জুবায়ের শেখ নামের এক মাদক কারবারিকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় আনা হয়। পরে খবর পেলাম ছেলের আটকের খবরে তার বাবা জাফর শেখ স্টোকজনিত কারণে মারা গেছেন।

Leave a Reply