একতা ডেস্কঃ বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডে ভ্রমণ আরও সহজ হচ্ছে ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে। থাইল্যান্ড সরকার ই-ভিসা সেবা চালু করার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুবিধাজনক ও দ্রুত হবে। ঢাকার থাই দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু হবে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীরা https://www.thaievisa.go.th ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন, পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে না। আবেদনকারীরা ইমেইলে অনুমোদিত ভিসা পাবেন, যা প্রিন্ট করে থাইল্যান্ডের ইমিগ্রেশনে দেখাতে হবে। কিছু কারিগরি সীমাবদ্ধতার কারণে, বাংলাদেশের আবেদনকারীরা সরাসরি ই-ভিসা ওয়েবসাইটে ভিসা ফি পরিশোধ করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার পর, সিস্টেম একটি “পেমেন্ট ইনফো সামারি শিট তৈরি করবে, যাতে আবেদন রেফারেন্স নম্বর, কিউআর কোড এবং ভিসা ফির পরিমাণ থাকবে। আবেদনকারীদের https://www.combank.net.bd/thaievisa এর মাধ্যমে থাই দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে এবং যাচাইয়ের জন্য “পেমেন্ট ইনফো সামারি শিট আপলোড করতে হবে। ব্যাংকে নগদ অর্থে টাকা জমা দেওয়া যাবে না। ই-ভিসা প্রক্রিয়াকরণে সাধারণত ১০ কার্যদিবস সময় লাগবে। থাই ই-ভিসার জন্য কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন ই-ভিসা ব্যবস্থার জন্য প্রস্তুতি হিসেবে, ঢাকাস্থ থাই দূতাবাস ২০২৪ সালের ২৪ ডিসেম্বর থেকে চারটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ বন্ধ করবে।

Leave a Reply