একতা ডেস্কঃ করলো ডাকাতির চেষ্টা। ধরা পগে গিয়ে বলছে রোগীকে সাহায্য করার জন্য এ ডাকাতি। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানিয়েছেন, ‘একজন কিডনি রোগীকে সাহায্য করতে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করেছে গ্রেপ্তারকৃতরা। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কলে ব্যাংকে ডাকাতির চেষ্টা ও জিম্মি তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমরা নানাভাবে ডাকাতদের বুঝিয়ে আশ্বস্ত করেছি। প্রথমে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে নানাভাবে বুঝিয়ে পুলিশের জিম্মায় নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানিয়েছেন, তারা কোনো চলচ্চিত্র বা ভিডিও গেমস দেখে একটি ফ্যান্টাসিতে ভুগে এই কাজ ঘটিয়েছে। তারা ১৮ লাখ টাকা ব্যাগে নিয়েছিলো। এই টাকা দিয়ে একজন কিডনি রোগীকে সাহায্য করার কথা জানিয়েছে। পাশাপাশি এই টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের বলে জানিয়েছে।
গ্রেপ্তার তিন জনের মধ্যে দুজন কেরানীগঞ্জ ও আরেকজনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। ব্যাংক ডাকাতির ঘটনায় আটককৃতরা হলেন- শিফাত, শারাফাত ও নিরব। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চারটি পিস্তল আসল নয়, খেলনা বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু ও একটি ড্রিল মেশিন।
জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক-সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

Leave a Reply