একতা ডেস্কঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ৮টার দিকে দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল সোমবার।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লবসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান মন্ডল ওই মামলার ২৬ নম্বর আসামি।
অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আন্দোলনকারীদের মারধর, গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছিল। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply