একতা ডেস্কঃ সন্ত্রাসী হামলাকারীদের ছুরিকাঘাতে সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান গুরুতর আহত হয়েছেন। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে। গতকাল৩০ ডিসেম্বর, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর এই হামলার শিকার হন তিনি।
আহত সজিবুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় তিনি জরুরি কাজে লোহাগড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর পৌঁছালে তার ওপর হামলা হয়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা তার হাত, পা ও পেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা বলেন, সজিবুর রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply