একতা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার সহায়তায় বাংলাদেশের সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। শেখ হাসিনা ভারতকে যে সুবিধা দিয়েছেন, তার কারণে আলাপ-আলোচনা ছাড়াই ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। আন্তর্জাতিক নিয়ম না মেনে শুধুমাত্র শেখ হাসিনার সুবিধা দেওয়ার কারণে এসব জায়গায় আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে তারা কাঁটাতারের বেড়া দিতে পেরেছে। গতকাল সকালে এক দোয়া মাহফিলে তিনি এমন অভিযোগ করেন।
‘আমাদের যে সীমান্ত ৪ হাজার ৬০০ কিলোমিটার, তার মধ্যে ৩ হাজারের বেশি এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। এখনও তারা আলাপ-আলোচনা ছাড়াই লারমনিরহাটসহ বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে জনগণও যে বিজিবির সঙ্গে প্রতিরোধ করতে পারে, সে দৃষ্টান্ত শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন।’
তিনি বলেন, উনি একটা কথা বলতেন, ‘আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না।’ আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত আপনাকে সবার আগে কিনেছে। সে কারণে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশাচালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয়। আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সুমন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ শ্রমিকরা বক্তব্য দেন।

Leave a Reply