একতা ডেস্কঃ নীলফামারী জেলার ডোমারে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত ১০টার দিকে পৌর এলাকার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই নেতার নাম সৌরভ হোসেন (৩৭)। তিনি ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সৌরভ চিকনমাটি ধনীপাড়া এলাকার বাসিন্দা ফারুখ হোসেনের ছেলে।
জানা গেছে, ২০১২ সালের রাজনৈতিক অস্থিরতার সময় হামলা চালিয়ে জামায়াতের স্থানীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সৌরভকে দ্রুতই আদালতে তোলা হবে।

Leave a Reply