একতা ডেস্কঃ আয়কর পরিশোধ প্রসঙ্গে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে সে ব্যবস্থা নেয়া হয়েছে। ২৮ অক্টোবর, সোমবার এক ভিডিও বার্তায় এসব কথা জানান প্রধান উপদেষ্টা। আয়কর নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনাদের দেয়া কর-ই দিয়ে দেশের অর্থনীতি মূল চলনশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়া ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন এ ব্যবস্থাই নেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী ও সব তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন থেকে এভাবে আয়কর দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইন ই-রিটার্ন ও আয়কর জমা দেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি আরো বলেন, কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছে তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশ ও বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন, কীভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে হয়। তরুণ-তরুণীদের অনুরোধ করছি, এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য।
তিনি বলেছেন, ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখন থেকেই শুরু হতে পারে। পর্যায়ক্রমে সব ধরনের কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার পথ মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক, সেই কামনা করছি।
এদিকে করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়তে এনবিআর বদ্ধপরিকর রয়েছে। এই লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের অনলাইন রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছে।
তথ্যসূত্রঃ ভোরের কাগজ

Leave a Reply