একতা ডেস্কঃ রাজনৈতিক দলগুলোর তাড়াহুড়ার বিরাজমান দেখে নির্বাচন নিয়ে অধৈর্যের কারণে সরকারের সংস্কারকাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার, সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সরকার। সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সে অনুযায়ী কাজ করব। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের ওপর। সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে। সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডার পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রধান করা হয়।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক আবু জাফর, উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা।

Leave a Reply